স্টাফ রিপোর্টার:-
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছানোর পর বাসটির চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
এ সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। বিকল হওয়ার পর পালকী পরিবহনের বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার জন্য হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স