আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
"কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবে সাথে সাথে"- এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় বাস্তবায়নে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়াল সংযোগ হোন।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল জেলা কৃষি উপ পরিচালক মোঃ আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল মোঃ মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬শ ২৫ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
সংসদ সদস্য আব্দুস ছালাম পিন্টু বলেন, কৃষক কার্ড বর্তমান সরকারের একটি নির্বাচনী ওয়াদা। যে কার্ড পেলে কৃষক তার আর্থিক সহায়তাসহ কৃষি পণ্য উৎপাদন, উপকরণ সহায়তা কৃষি অফিসের মাধ্যমে সকল ধরণের সহায়তা পেয়ে যাবে। তিনি আরো বলেন, যারা কৃষির সাথে সম্পৃক্ত আছে তারা সবাই কৃষক কার্ড পাবে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করা হয় আমার নির্বাচনী এলাকা গোপালপুর থেকে। আজকে কৃষি কার্ড বিতরণ উদ্বোধন করা হচ্ছে আমারই নির্বাচনী এলাকা ভূঞাপুর উপজেলা থেকে।
এসময় প্রধানমন্ত্রী ফেনীর সোনাগাছি থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এবং কৃষক কার্ড উদ্বোধনের শুভ সুচনা করেন।
দেশ বাংলা টিভি ডেস্ক