আনন্দ সরকার, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুপুর ১২টা ৩২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স