স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-রৌহা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি ভাঙা কাঠের খুঁটির পরিবর্তে অস্থায়ীভাবে বাঁশের খুঁটি ব্যবহার করা হচ্ছিল। খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তা সংস্কার বা অপসারণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বুধবার সকালে মাঠে চরতে যাওয়া ভেঙুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন। তার তাৎক্ষণিক পদক্ষেপে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, নিহত গরুগুলো ছিল তাদের পরিবারের অন্যতম আয়ের উৎস। একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যুতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বাঁশ ও কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এমন খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ, সিমেন্টের খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ADVERTISEMENT AREA
Shuvro Mujumder