গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা ও পুনরায় সহিংসতার আশঙ্কা দেখা দেওয়ায় নলীন ও জগৎপুরা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও প্রভাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নলীন ও জগৎপুরা গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের ব্যবহার, বাড়িঘরে হামলা, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
নিহতের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হেমনগর এলাকায় মাইকিং করে স্থানীয়দের যার যার অস্ত্র নিয়ে নলীন বাজারে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতির অবনতি রোধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। জারি করা ১৪৪ ধারার আওতায় নলীন ও জগৎপুরা এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান, এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জড়িতদের শনাক্তে প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
ADVERTISEMENT AREA
Shuvro Mujumder