আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালির আকাশে ইরানের ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করার পর দেশটির উপকূলীয় রাডার স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ ঘটনাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দিকে ইরান চারটি ড্রোন নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ড্রোন আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। ফলে মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সবকটি ড্রোন ভূপাতিত করে।
এর পরপরই ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত রাডার সাইট দুটি ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর আগে চলতি সপ্তাহে ইরানের একটি ড্রোন হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রমও স্থগিত রাখা হয়েছিল।
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন রুট। ফলে এ অঞ্চলে নতুন করে সংঘাত বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ADVERTISEMENT AREA
Md Samir Hosen