প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নিরাপত্তা বাহিনী (SSF)-কে এমনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, যাতে তাঁর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ঘনিষ্ঠতা বজায় থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে SSF-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একজন নির্বাচিত সরকারপ্রধানের সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা । তাই নিরাপত্তা ব্যবস্থার কারণে জনগণ ও সরকারের মধ্যে কোনো অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতি, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বিভিন্ন নিরাপত্তা ঝুঁকির কারণে রাষ্ট্রনেতাদের সুরক্ষা নিশ্চিত করা আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং উন্নত নিরাপত্তা কৌশল গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন , বড় জনসমাবেশ ও রাষ্ট্রীয় কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়েও SSF-কে সতর্ক থাকতে হবে।
নিরাপত্তার দায়িত্ব পালনের সময় সাধারণ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোনো নিরীহ নাগরিক যেন হয়রানি বা অসদাচরণের শিকার না হন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা, আনুগত্য এবং দায়িত্বশীলতার মাধ্যমে SSF দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী হিসেবে নিজেদের সক্ষমতা আরও বাড়াবে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদারে বিভিন্ন নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও SSF সদস্যরা দেশপ্রেম, পেশাগত দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
দেশ বাংলা টিভি ডেস্ক