টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে ‘সাধু ফল সেবা দিবস-২০২৬’ উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবসেবা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বুধবার (৮ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধু পরিষদের সভাপতি সাধু আসাদুজ্জামান আসাদ।
কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল হক নাছির কেন্দ্রীয় সাধু সংঘের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সাধু সংঘ মাদকমুক্ত একটা প্রতিষ্ঠান। এ ধরনের সংগঠন সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সেবার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের কার্যক্রমে মুগ্ধ হয়ে তিনি ভবিষ্যতেও কেন্দ্রীয় সাধু সংঘের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরো বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত। কেন্দ্রীয় সাধু সংঘ যেভাবে অসাম্প্রদায়িক চেতনা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এমন উদ্যোগের পাশে দাঁড়ান, তাহলে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে। আমি সবসময় এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের সুযোগ্য ছোট ভাই আখতারুজ্জামান বাবুল, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদসহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দেশ বাংলা টিভি ডেক্স