চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত নিলুফার ইয়াসমিন (২৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও নজরুল ইসলাম রনির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় নিলুফার হঠাৎ রেললাইনে নেমে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা চার বছরের শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট | দেশ বাংলা টিভি নিউজ
দেশ বাংলা টিভি ডেক্স