নিজস্ব প্রতিবেদক:-
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, কড্ডারমোড় স্টেশন এলাকায় পৌঁছানোর পর সিল্ক সিটি এক্সপ্রেসের 'ঝ' বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং নির্ধারিত সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।
স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদীর পাকশী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান শেষ করে রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
দেশ বাংলা টিভি ডেক্স