প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2026 ইং
মির্জাপুরে ঘরের দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টোর:
টাঙ্গাইলের মির্জাপুরে একটি কক্ষের দরজা ভেঙে এক নারী ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,ওই গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২৫) ও তাদের চার বছরের মেয়ে রাজিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ও মনোমালিন্য ছিল বলে স্থানীয়দের দাবি।
ঘটনার আগের রাতে রাজীব বাড়িতে ছিলেন না। শুক্রবার সকালে কনিকা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি আবার নিজ বাড়িতে ফিরে আসেন বলে স্থানীয় সূত্র জানায়।
এর কিছুক্ষণ পর কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর ওই ঘর থেকে শিশুটির চিৎকার শুনতে পান আশপাশের লোকজন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা কনিকাকে ঝুলন্ত অবস্থায় এবং শিশু রাজিয়াকে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির মৃত্যুর কারণ এবং তার মায়ের মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ