প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
নলিয়ানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক দুই

বিশেষ প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ানে পৃথক দুটি অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পৃথকভাবে অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে দুই স্থান থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে হরিণের মাংস বিক্রির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জব্দ করা মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা এবং হরিণ শিকার, হত্যা ও মাংস পাচার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ