প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
ছাগলনাইয়ায় প্রতিবন্ধী নারীকে নির্জনে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় সহযোগিতার আশ্বাস দিয়ে এক প্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। সালিশে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হলেও শেষ পর্যন্ত পুলিশি পদক্ষেপে গ্রেপ্তার হয়েছে তিনজন।
গ্রেপ্তার তিনজন হলেন, উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫)।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৪ আগস্ট দুপুরে আর্থিকভাবে সহায়তা করার কথা বলে ওই নারীকে বাড়ি থেকে নিয়ে যান সাকিব। পরে ইয়াছিন ও আরমানকে সঙ্গে নিয়ে তাকে একটি নির্জন জায়গায় নেওয়া হয়। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর সালিশের আয়োজন করেন। সেখানে অভিযুক্তদের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। তবে গুরুতর এ অপরাধ সালিশে নিষ্পত্তির উদ্যোগ প্রত্যাখ্যান করেন স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম। তিনি ওই বৈঠকেও অংশ নেননি।
পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সালিশের মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ