প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ, দুর্ভোগ চরমে

রিমন সিদ্দিকী নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করলেও এখনো স্বস্তি ফেরেনি স্থানীয়দের মাঝে।
নদীতীরবর্তী বিভিন্ন গ্রাম ও নিম্নাঞ্চল থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় এখনো পানিবন্দি হয়ে আছেন হাজারও মানুষ। বিশেষ করে যেসব পরিবারের বসতভিটা ও রাস্তা নিচু, তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয় সমাজ সেবক মিনারুল ইসলাম বলেন, উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে এর আগে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকায় বিপৎসীমা অতিক্রম করে।
যদিও বর্তমানে নদ-নদীর পানি কমতে শুরু করেছে, তবে ধীরগতির কারণে দুর্গত এলাকার মানুষের কষ্ট কমেনি। বামনডাঙা ইউনিয়নের মালিয়ানিরপার, তেলিয়ানী, ফান্দেরচরসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা রয়েছে। অনেক বসতভিটা ও উঠানে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, নারী ও বয়স্কদের।
ভুক্তভোগী জমির উদ্দিন বলেন পানি কমার সঙ্গে সঙ্গে গ্রামীণ কাঁচা রাস্তাঘাটগুলোর ক্ষতবিক্ষত রূপ বেরিয়ে পড়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা। এছাড়া তলিয়ে যাওয়া আবাদি জমি ও বীজতলার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় কৃষকদের। অনেক স্থানে কৃষিজমিতে পানি জমে থাকায় ফসল উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পানিবন্দি ও খেটে খাওয়া মানুষের মাঝে নানা সমস্যা দেখা দিয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গতদের তালিকা তৈরি করে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।
তবে দ্রুত স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ