প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় প্রাণ গেল শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি:
সকালের কর্মব্যস্ত সময়ে মোটরসাইকেলে বিদ্যালয়ের পথে বেরিয়েছিলেন মোশাররফ হোসেন (৪০)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বালুবাহী ট্রাকের ধাক্কায় থেমে যায় তাঁর জীবন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোশাররফ হোসেন লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। পশ্চিমপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে চালক ঘটনাস্থল থেকে সরে যান।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ