প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করায় মিম কেক কারখানাকে ৩৫ হাজার জরিমানা

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘মি. কেক এর কারখানা’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে কারখানাটিতে সংরক্ষিত ৮৭০টি পচা ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া সদরের ফুলবাড়ী উত্তর-মধ্য পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এবং মোঃ কাজিম রেজা চৌধুরীর যৌথ নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে পচা ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে কেক ও বিস্কুট তৈরি এবং উৎপাদিত খাবার সংরক্ষণ করতে দেখেন অভিযান পরিচালনকারীরা।
শিশুদের খাদ্য কেক তৈরির সাথে যুক্ত কর্মচারীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো তোয়াক্কা দেখা যায়নি।
পরবর্তীতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সেই সাথে পচা ডিমগুলো বিনষ্ট করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, জেলা পুলিশের একটি চৌকস টিম এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা প্রদান করেছে আদালত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ