প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
প্রতারণা মামলায় গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।
মামলাটি ২০০৮ সালে একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার বিচার শেষে আদালত তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিদিশা সিদ্দিককে আদালতে হাজির করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ