প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
জামালপুরে বন্ধ কক্ষ থেকে অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণ কাচারিপাড়ার একটি বাসার কক্ষ থেকে ইশরাত জাহান রিমা (২৫) নামে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৮ আগস্ট (শুক্রবার) রাতে স্বপ্নপুরী আবাসিক এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের মেয়ে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই বাসার একটি কক্ষের বিষয়ে জানানো হয়। খবর পেয়ে জামালপুর সদর থানা-পুলিশ দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকায় পৌঁছে দেখতে পায়, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ। একই সময় কক্ষের ভেতর থেকে দুর্গন্ধও পাওয়া যাচ্ছিল।
পরিস্থিতি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ পাওয়া যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় কক্ষের তালা খুলে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ