প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু, দাদি গুরুতর আহত

শাওন সরকার, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিবারের দাদি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও তাঁর স্ত্রী লাকী আক্তার (৪০)। আহত দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে কিশোর রাজু সেটি ঠিক করার চেষ্টা করে। একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে আটকে যায় সে। ছেলেকে উদ্ধারে এগিয়ে গিয়ে মা লাকী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় নাতি ও পুত্রবধূকে বিপদে দেখে তাদের বাঁচাতে এগিয়ে আসেন দাদি বুলি বেগম। তিনিও বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ