
নিহত গৃহবধূর নাম স্বপ্না আক্তার (৩০)। তিনি কচুয়া গ্রামের প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী এবং লিগুম মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্বপ্না আক্তার আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, স্বপ্না আক্তার বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে তার কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার দিন সকালে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটির পরপরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি।
তবে আত্মহত্যার সঠিক কারণ এবং ঋণের পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।