প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
কুমিল্লায় আনন্দভ্রমণে যাওয়ার পথে খাদে বাস, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার:-
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কলেজের বার্ষিক আনন্দভ্রমণে অংশ নিতে চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে দুর্ঘটনার শিকার বাসটিতে ছিলেন প্রায় ৪০ জন শিক্ষার্থী।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভ্রমণে থাকা বাকি তিনটি বাসের শিক্ষার্থীরাও কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। পরে বাস তিনটি বরিশালের দিকে ফিরে যায়।
ভোরের দিকে মহাসড়কে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ