প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নতুন বাজারের বন বিভাগের কার্যালয়ের পাশের এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় দুটি পৃথক স্থানে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া নবজাতকদের একজন ছেলে এবং অন্যজন মেয়ে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নবজাতকদের মরদেহ সেখানে কারা রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ