প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এতে ৪ গ্রামের নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট একটি নৌকায় নদী পারাপার হয়ে থাকে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রামপুর, গোপিনাথপুর, ভূঁইয়াপাড়া ও খন্দকার পাড়ার ৪ গ্রামের নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ বাগবাড়ি জোয়াদ আলীর মোড় হয়ে লৌহজং নদী পার হয়ে উপজেলা শহর, হাট বাজার করে এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। নদী পারাপার হতে সময় নষ্ট ছাড়াও মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে বা অধিক যাত্রি ওঠার কারণে নৌকা ডুবির ঘটনাও ঘটে। নষ্ট হয় শিক্ষার্থীদের বই-খাতা, যাত্রীদের মোবাইল, হারিয়ে যায় টাকা পয়সা। সর্বোপরি জীবনের ঝুঁকি বাড়ে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের।
গোপিনাথপুর গ্রামের আলিফ হোসেন জানান, ছোট্ট এই নদীটির কারণে ব্যবসা বাণিজ্যসহ উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে পরিবহন খুব কষ্ট সাধ্য এবং ব্যয় বহুল। গোপিনাথপুর গ্রামে তোতা মিয়া বলেন, মাঝেমাঝে নৌকা ডুবির ঘটনা ঘটে। নদীটি ছোট তাই এখনো কোনো প্রাণহানীর ঘটনা ঘটে নাই। তবে স্কুলগামী ছোট্ট শিশুরা জীবনে ঝুঁকি নিয়েই নদী পার হয়। গোপিনাথপুরের শফিকুল ইসলাম খান বলেন, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারপার হইতে পারলেও সমস্যা তখন বেশি হয়, যখন নৌকাও চালানো যায় না, আবার স্কুলগামী ছোট ছেলে-মেয়েরা সাঁতারও দিতে পারে না। হাটুরে মানুষের ভোগান্তিও কম নয়। যখন তারা ধান বা পাট মাথায় নিয়ে নদী পার হয়। আছার পরে অনেকেরই ধান-পাট নদীতে পরে ভিজে গেছে- এমন দৃশ্যও কম দেখা যায়নি।
গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বললেন, লৌহজং নদীর জোয়াদ আলীর মোড়ে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। কর্তৃপক্ষের নিকট অনেক বার আবেদন করা হয়েছে। আশ^াসও পেয়েছি। তবে অদ্যাবধি সেতুটি নির্মাণ করা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ