প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার মিমতা ও মোর্শেদ, তাদের মামা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসের চালক মুন্না।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে একটি মাইক্রোবাসে করে তারা চট্টগ্রামের দিকে ফিরছিলেন। কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সে নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি কক্সবাজারের পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ