প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
আশাশুনিতে টিপা মাছ খেয়ে পরিবারের ৫ জন অসুস্থ, মুদি ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় টিপা বা পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের ফকারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই এলাকার মৃত মজিদ গাজীর ছেলে এবং বড়দল বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যরা পটকা মাছ রান্না করে খাবার খান। কিছু সময় পর আজহারুল ইসলাম, তার স্ত্রী, মা, ছেলে ও মেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
গুরুতর অসুস্থ আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার স্ত্রী, মা, ছেলে ও মেয়েকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ খাওয়ার পরপরই পরিবারের সদস্যদের অসুস্থতা দেখা দেয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানান, পটকা মাছ খেলে বিষক্রিয়ার আশঙ্কা থাকে। এ ধরনের মাছ না খাওয়ার জন্য মানুষকে নিরুৎসাহিত করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না বলে জানান এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বলেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি শুনেছি। আমরা ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।
এদিকে আশাশুনি থানার পক্ষ থেকেও ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ