প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
মিয়ানমারে যাওয়ার পথে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান। এ সময় বোটটিতে থাকা ৭৫০ বস্তা সিমেন্টের সন্ধান মেলে। জব্দ করা সিমেন্টের মোট ওজন ৩৭ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানে সিমেন্ট বহনে ব্যবহৃত বোটটি জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহনের অভিযোগ পাওয়া গেছে। জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার ঠেকাতে উপকূলীয় এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ