প্রিন্ট এর তারিখঃ Sep 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
নওগাঁর নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫৫০ লিটার চোলাইমদ ও ওয়াশসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে ৫৫০ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,তাজিমুদ্দীন (৩৮), তিনি সাদাপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত খয়রুল্লাহর ছেলে; হাফিজুর রহমান (৫৬), শ্যামপুর খড়িবাড়ী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং রনজিত (৪২), শ্যামপুর এলাকার সম্রাটের ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ