প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
সখিপুরে মায়ের ছুরিকাঘাতে ৩ বছরের ছেলে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক বিরোধের জেরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম (৩ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় শিশুটির বোনও আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মাকে স্থানীয়রা আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন।
১৬ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে আকলিমা আক্তার তার শিশু সন্তান আশরাফুলকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ময়মনসিংহের ভালুকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কয়েকজন প্রতিবেশী অভিযুক্ত আকলিমা আক্তারকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন।
ঘটনার সময় আকলিমা আক্তারের সঙ্গে তার আগের স্বামীর ঘরের এক মেয়েও ওই বাড়িতে ছিলেন। স্থানীয় সূত্রের দাবি, ওই মেয়েটিও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র আরও জানায়, মো. শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার সম্প্রতি তার আগের সংসারের মেয়েকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে আসেন। আশরাফুলকে শাহিন আলমের প্রথম স্ত্রীর কাছে রাখা নিয়ে আপত্তির বিষয়টি কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের ভাষ্য।
তবে ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ