প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
গাইবান্ধায় আত্মগোপনে থাকা বগুড়ার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুর (৫৩)। তিনি ধুনট উপজেলার গোপালপুর খাদুলী এলাকার আলতাব আলীর ছেলে।
এসআরবি-১২ বগুড়া ও এসআরবি-১৩ গাইবান্ধার যৌথ দল বুধবার রাতে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মানিকের বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। পরে মামলাগুলোর একটির রায়ে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি গাইবান্ধায় গিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তামিম ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ