প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
ঘুমের মধ্যে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথেই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে হুসাইন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হুসাইন আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হুসাইন। রাতের কোনো একসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে শরীরে জ্বালাপোড়া শুরু হলে সে বিষয়টি মা-বাবাকে জানায়। তবে শিশুটি সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি, পোকামাকড়ের কামড় বলে ধারণা করেছিল। পরিবারের সদস্যরাও শুরুতে বিষয়টি সাধারণ পোকার কামড় মনে করায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে হুসাইনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে রওনা দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আনন্দধাম এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ