প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
ত্রিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই যাত্রীর, আহত ১০

ত্রিশাল সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ইউনাইটেড পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাজিরশিমলা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে থাকা দুটি মাহিন্দ্রার একটিতে প্রথমে ধাক্কা দেয় বাসটি। এরপর একই দিকে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১০ জন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
বাসের এক যাত্রী জানান, চলন্ত অবস্থায় চালক হঠাৎ অচেতন হয়ে পড়লে বাসটির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। চালকের সহকারী নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও বাসটি থামাতে পারেননি বলে ওই যাত্রী দাবি করেন।
ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও বাসের চালক-হেলপারের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ