প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের আগেই ৬৩ টন সিমেন্টসহ দুই বোট জব্দ

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ১ হাজার ২৬০ বস্তা, অর্থাৎ ৬৩ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যদের। পরে সেখানে তল্লাশি চালিয়ে বোটটি থেকে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। কোস্ট গার্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার করা সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
এর আগে-পরে আরেকটি অভিযান পরিচালনা করা হয় বাঁশখালী এলাকায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতের দিকে বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী।
অভিযানে ওই বোট থেকে ৫১০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের ওজন প্রায় ২৫ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার সকালে এসব তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার করা সিমেন্ট, জব্দ বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সমুদ্রপথে চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ