
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি হিসেবে পরিচিত মো. কবির হোসেনের স্ত্রী। অভিযানের সময় কবির হোসেন পালিয়ে যান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ওই এলাকার কাজল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় থাকা কবির হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে বিভিন্ন প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরমী বাজার এলাকায় পুলিশের কাছে ওই এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য আসে। পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল বরমী মধ্যপাড়ায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী তাহমিনাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশের দাবি, কবির হোসেন বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে স্ত্রীসহ সহযোগীদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিক্রি করতেন। এ ঘটনায় পলাতক কবির হোসেন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার বরমী এলাকায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওসি শাহিনুর আলম জানান, পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সূত্র: গাজীপুর জেলা পুলিশের মিডিয়া সেল।