প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, রাজস্ব আদায় ও বাণিজ্যিক বিভিন্ন সমস্যা নিয়ে কাস্টমস কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা বন্দর ও কাস্টমসের বিভিন্ন অনিয়ম এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যাগুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শুল্ক ফাঁকি ও পণ্যের ভুল বা গোপন ঘোষণার মতো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা করা উদ্যোক্তাদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দরের বাস্তব পরিস্থিতি জানতে এবং ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের বক্তব্য শুনতেই তিনি সেখানে এসেছেন।
তিনি বলেন, বন্দরকেন্দ্রিক সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বেনাপোল থেকে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সব বন্দরের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
সভায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন।
এ ছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পরিচালিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারাও পরিদর্শন করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগত করেন তিনি।
প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ