প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
লালনের দর্শন ও মানবতার বার্তা নিয়ে ছেঁউড়িয়ায় পাগল মেলা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আত্মশুদ্ধি, মানবধর্ম ও অসাম্প্রদায়িক দর্শনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে ১২তম সরল পাগল মেলা ও যুগপূর্তি উৎসব। দিনব্যাপী নানা আয়োজনের পর ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শেষ হয় বুধবার ভোরে পূর্ণ সেবার মধ্য দিয়ে।
লালন শাহ মাজার শরীফের মাঠে স্থাপিত উন্মুক্ত লালন মঞ্চে সকাল থেকেই বিভিন্ন আচার-অনুষ্ঠান ও সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর মঞ্চে শুরু হয় লালনসংগীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাউল ও সাধুদের ভাবগানে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
সাধারণ মেলার তুলনায় এ আয়োজনের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। এখানে কেনাবেচা কিংবা বিনোদনের চেয়ে লালন দর্শন, সাধুসঙ্গ, ভাবগান ও আত্মঅনুসন্ধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধু, বাউল ও লালনভক্তদের উপস্থিতিতে ছেঁউড়িয়ার মাজার প্রাঙ্গণ পরিণত হয় ভাবের মিলনস্থলে।
রাত গভীর হলে মোমের আলোয় গোল হয়ে বসেন সাধু-পাগলরা। একতারা ও দোতারার সুরের সঙ্গে পরিবেশিত হয় লালনের গান। সংগীতের পাশাপাশি চলে দর্শন ও আত্মঅনুসন্ধান নিয়ে ভাববিনিময়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লালন স্বেচ্ছাসেবক সংস্থা কুষ্টিয়া ও বাংলাদেশ জাতীয় সাধু সংসদের উদ্যোগে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসব এবার ১২তম বছরে পদার্পণ করেছে। যুগপূর্তি উপলক্ষে এবারের আয়োজনে ছিল সূর্য প্রণাম, প্রভাত প্রজ্ঞা, লালন ফেরী, গোষ্ঠ গান, অতিথি ভোজ, লালন আলোচনা, লালন দর্শন ও লালন বন্দনাসহ বিভিন্ন কর্মসূচি।
লালন স্বেচ্ছাসেবক সংস্থার প্রধান উপদেষ্টা ও জাতীয় সাধু সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মকবুল আহম্মেদ (শাহীবাবা) বলেন, লালন সাঁইয়ের দর্শন জাতি-ধর্মের বিভাজনের ঊর্ধ্বে মানবতার কথা বলে। আত্মশুদ্ধি ও মানবধর্মের সেই বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি শান্তি ভিখারি সবুজ বলেন, লালনের দর্শনের মূল শিক্ষা মানবতা ও সম্প্রীতি। ধারাবাহিক এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
ছেঁউড়িয়ার এই সাধুসঙ্গে লালনভক্তদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ও সাধুরা অংশ নেন। রাতভর লালনগীতি ও ভাবগানের মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণে সৃষ্টি হয় ভিন্নধর্মী এক আধ্যাত্মিক পরিবেশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ