প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ গ্রেপ্তার - ৫

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণের একটি অংশ, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও একটি পিকআপভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) ভোররাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। পরে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, ভোরের দিকে মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়।
একপর্যায়ে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘরের আলমারি ভাঙে ডাকাতরা। সেখান থেকে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি শুরু করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে কয়েকজনকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিচ্ছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে পাঁচজনকে হেফাজতে নিয়ে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে লুট হওয়া সোয়া ৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া ও হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া বাকি স্বর্ণ, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে ডাকাত দলের অন্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে উদ্ধার হওয়া অস্ত্র, যানবাহন ও অন্যান্য আলামতও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ