প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
পূর্বাচল ৩০০ ফিটে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতের এ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, আফরোজা আকতার (২৮) এবং তার শাশুড়ি। তারা রাজধানীর কদমতলী থানার শ্রীধারা এলাকার বাসিন্দা। আফরোজার স্বামী মেহেদী হাসান পুলিশের সদস্য হিসেবে কর্মরত।
স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আফরোজা ও তার শাশুড়ি। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পুলিশ সদস্য মেহেদী হাসানের মাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আফরোজা আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আফরোজার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকের পরামর্শে আফরোজা আকতারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট খিলক্ষেত ও রূপগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যাওয়া আফরোজার শাশুড়ির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ