প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস জব্দ

নিজস্ব প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল নিয়ে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করা হয়। পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। পরে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ