প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ের কাশবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ে থাকা কাশবনের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লেকপাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, আগুন লাগার সময় সেখানে কে বা কারা ছিল, তা তারা দেখতে পাননি। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই কাশবনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, কাশবনে আগুন দেওয়ার পর নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ