প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
আদালতের আলামত ধ্বংসের দায়িত্বে থাকা কনস্টেবল ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:-
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাজেয়াপ্ত মাদকদ্রব্যের আলামত নিষ্পত্তি ও ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার মো. রেজাউল করিম সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি ও মাদক ধ্বংস শাখায় কর্মরত ছিলেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো-দক্ষিণ সিআইডির একটি বিশেষ দল সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন রেজাউল করিম। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় মাদক বিক্রির টাকা হিসেবে ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ডিএমপির প্রসিকিউশন শাখা জানিয়েছে, গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে। ঘটনাটি তদন্ত করে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ