প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
ভালুকায় ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের

ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,খারুয়ালী গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬৫) এবং একই গ্রামের মৃত আজিজ আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উত্তরে কৃষিজমিতে কাজ করতে যান ধনু আকন্দ। সেখানে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ধনু আকন্দ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন জানতে পেরে তাকে উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে যান তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মিয়া জানান, সকাল ৯টার দিকে তিনি একটি বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও দ্রুত তারটি সরানো কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন ঘটনাটি জানার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ