
স্টাফ রিপোর্টার:-
পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে ফুলের টবে গাঁজাগাছ চাষের অভিযোগে ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ির পেছন থেকে টবে লাগানো তিনটি গাঁজাগাছ জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার একটি দল গুলিঠামৌজ এলাকায় অভিযান পরিচালনা করে। প্রথমে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির পেছনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ফুলের টবে লাগানো তিনটি গাঁজাগাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো জব্দ করা হয়।
বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন জানান, ওই এলাকায় গাঁজাচাষের বিষয়ে আগে থেকেই তারা তথ্য পেয়েছিলেন। বিষয়টি যাচাই করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে টবে চাষ করা গাঁজাগাছের সন্ধান মেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তথ্য যাচাইয়ের পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ করে এবং ইউসুফ খানকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।