প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
টেকনাফে নাফ নদী ও সাগরপথে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

কক্সবাজার সংবাদদাতা :-
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি, এসআরবি ও র্যাব। এসব অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি ও এসআরবির যৌথ দল। অভিযানে মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদক প্রবেশের তথ্য পেয়ে রোববার সন্ধ্যার পর জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীর তীরে অবস্থান নেয় যৌথ আভিযানিক দল। রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারে নদীর ওপার থেকে কয়েকজনের সন্দেহজনক চলাচল ধরা পড়ে। পরে রাত আড়াইটার দিকে কয়েকজনকে বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে ঢুকতে দেখা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজনরা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
এদিকে একই দিনে সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প। একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি ও র্যাব সূত্র জানিয়েছে, পৃথক দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৫ লাখ ৯০ হাজার পিস। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ