প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের বৈঠক

আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
দুর্গাপূজাকে সামনে রেখে টাঙ্গাইলে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবে পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে টাঙ্গাইল সদর থানা।
সোমবার (৫ অক্টোবর) সকালে শহরের শ্রী শ্রী কালিবাড়ীর নাট মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ওসি (তদন্ত) ভিক্টর ব্যানার্জি, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক পিনাকী দে ও সদস্য সচিব শংকর সরকার।
এ ছাড়া শ্রী শ্রী কালিবাড়ীর উপদেষ্টা মনিন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার এবং শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকারসহ সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।
সভায় দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়। সভাটি পরিচালনা করেন শ্রী শ্রী কালিবাড়ীর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার।
পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, চলতি বছর টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৩৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় রয়েছে ২৩৩টি পূজামণ্ডপ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ