প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
স্কুল থেকে বাড়ি ফিরেই মর্মান্তিক মৃত্যু, মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশু

স্টাফ রিপোর্টার:-
যশোরের শার্শা উপজেলায় বাড়িতে ফিরে পানি নেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নেওয়ার উদ্দেশ্যে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা কাঠের সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে আলাদা করেন। দ্রুত শিশুটিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ