প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
টাঙ্গাইলে ধাওয়া করে মাইক্রোবাস আটক, মিলল ৩১ কেজি গাঁজা

আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরে পুলিশের চেকপোস্টের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মাইক্রোবাস ধাওয়া করে আটক করা হয়েছে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় গাড়িতে থাকা চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় ট্রাফিক বিভাগের একটি আকস্মিক চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ট্রাফিক সদস্যরা গাড়িটির পিছু নিয়ে সেটিকে আটক করেন।
আটকের পর মাইক্রোবাসটি ট্রাফিক অফিসে নিয়ে তল্লাশি করা হলে ভেতর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে গাড়িটি থামার পর চালক ও অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ