প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত দুই

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ও আহত সবাই একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত প্রণয় কর্মকার (২১) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের ওই অংশে একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।দুর্ঘটনার পর গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হেফাজতে নেয়। নিহতদের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ