প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মাদক পাচারের একটি চেষ্টা ব্যর্থ করেছে কোস্ট গার্ড। শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা অভিযানকারীদের উপস্থিতি বুঝতে পেরে নৌযান ফেলে পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটিতে থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ভাসমান ব্যাগ পাওয়া যায়।
ব্যাগটি খুলে তল্লাশি করলে এর ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ