প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে অটোরিকশা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় কিশোরীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম জান্নাতুল তাজমিন (১৫)। সে কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুল আলীম। পরিবারের আদি বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। বাবার চাকরির সুবাদে তাজমিন কুমিল্লায় বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় কাছাকাছি পড়ে থাকা পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার সময় এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলেছিল তাজমিন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায় সে। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লায় ফেরার কথা ছিল তার। কিন্তু রাতে মেয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বাবা আবদুল আলীম।
মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে রাতেই তাকে খুঁজতে শুরু করেন তিনি। পরে বৃহস্পতিবার সকালে লালমাই থানায় গিয়ে উদ্ধার হওয়া মরদেহটি নিজের মেয়ের বলে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট একাধিক সংস্থা কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ