প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
নড়াইলে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল ৫০ বোতল এস্কাফ, আটক -১

নিজস্ব প্রতিবেদক:-
নড়াইল সদর উপজেলায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মালিবাগ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সদর থানা পুলিশের একটি দল। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের ডিকিতে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ইমরান হোসেনকে আটক করা হয়।
আটক ইমরান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ৫০ বোতল এস্কাফ জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ